ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠার প্রতিযোগিতা চলছেই। গত পরশুই শীর্ষে ছিল আর্সেনাল আর ২৪ ঘন্টা পেরোতেই শীর্ষে চলে গেল লিচেস্টার সিটি। লিচেস্টারশায়ারের কিং পাওয়ার স্টেডিয়ামে সোমবার রাতের ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসিকে ২-১ গোলে হারিয়েছে লিচেস্টার সিটি।
এবারের ইংলিশ লিগে শুরু থেকেই চমক দেখাচ্ছে লিচেস্টার সিটি। এবার তাদের থাবার নীচে পড়তে হলো চেলসিকে।
ঘরের মাঠে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে লিচেস্টার সিটি। আক্রমণ পাল্টা আক্রমণে মরিনহোর শিষ্যদের কোণঠাসা করে রাখে তারা।
ম্যাচের ৩৪ মিনিটে জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় লিচেস্টার।লিগে এটা ভার্ডির ১৫তম গোল।
আলজেরিয়ান মিডফিল্ডার মাহরেজের চেলসির পেনাল্টি বক্স থেকে উঁচু করে বাড়ানো বলে হাফ ভলি দিয়ে বল জালে জড়ান ভার্ডি।লিগে রিয়াদ মাহরেজ এই নিয়ে সপ্তমবারের মতো গোলে সহায়তা করল।
১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লীড দ্বিগুণ করে লিচেস্টার। গোলদাতা মধ্যমাঠের রিয়াদ মাহরেজ। লিগে নিজের এগারোতম গোলটি করলেন।
মাচের ৪৮ মিনিটে ইংলিশ মিডফিল্ডার মার্ক অ্যালব্রাইটনের দারুণ ক্রসে কোনাকুনি শটে বল জালে পাঠান আলজেরিয়ার এই মিডফিল্ডার।
দুই গোলে পিছিয়ে পড়ে আর খেলায় ফিরতে পারেনি হোসে মরিনহোর শিষ্যরা।ম্যাচের শেষ ৩০ মিনিট আক্রমণাত্মক খেলে শুধু একটি গোল করে ব্যবধান কমাতে পেরেছে হার এড়াতে পাড়েনি।
ম্যাচের ৭৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে পেড্রোর অসাধারণ ক্রস পেনাল্টি সীমানায় আসা মাত্রই দারুণ হেডে গোল করেন লোক রেমি।
বাকি সময় চেলসির খেলোয়াড়রা সমতা আনার জন্য প্রাণপণ চেষ্টা করে,কিন্তু লিচেস্টার নিজেদের দূর্গ ঠিক রেখেই জয় দিয়ে লিগের শীর্ষস্থান দখল করে নেয়।






