ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে আর্সেনাল। বিখ্যাত ওয়েম্বিলি স্টেডিয়ামে ব্লুজদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় গার্নাররা।
এই ম্যাচের আগে হোসে মরিনহোর বিপক্ষে কখনোই জিততে পারেননি আর্সেন ওয়েঙ্গার। চেলসির বিপক্ষে টানা ৫শ মিনিট গোলহীন থাকার পর জয়ের মুখ দেখলেন আর্সেনালের ফরাসি এ কোচ।
একজন করে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই মাঠে নামে উভয় দল। ইনজুরির কারণে চেলসি দলে ছিলেন না ডিয়েগো কস্তা। আর বিশ্রামে ছিলেন আর্সেনালের চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজ।
খেলার শুরুর কয়েক মিনিট প্রাধান্য বিস্তার করে খেলে চেলসি। তবে ২৪ মিনিটে থিও ওয়ালকটের বাড়ানো বল থেকে অসাধারণ এক গোল করে আর্সেনালকে এগিয়ে দেন অ্যালেক্স ওয়াক্সালেড চেম্বারলিন।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফেরার সুযোগ পেয়েছিলো চেলসি। কিন্তু ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে সেই সহজ সুযোগ হাতছাড়া করেন বেলজিয়াম তারকা এডিন হ্যাজার্ড। খেলার বাকি সময় কোনো আর জাল খুঁজে না পেলে ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।







