তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।
হ্যামস্ট্রিং ইনজ্যুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার জায়গায় খেলবেন নুরুল হাসান সোহান। পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে এ ম্যাচে জয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন দলের প্রধান কোচ।
২০১৫ সালের ৫ই মার্চ বিশ্বকাপ ক্রিকেটে নেলসনের স্যাক্সটন ওভাল মাঠে স্কটিশদের দেয়া ৩১৮ রানের জবাব দারুণভাবে দিয়েছিল বাংলাদেশ। ‘অলরাউন্ড পারফরম্যান্সে’ সেদিন ৬ উইকেটে স্কটল্যান্ডকে হারায় টিম টাইগার্স।
আবারও সেই মাঠ। ঘরের মাঠে টানা ছয় সিরিজ জেতা বাংলাদেশ দলের এবার নতুন চ্যালেঞ্জ বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করা। প্রতিপক্ষ হোস্ট নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে কিউইদের ৩শ’ ৪২ রানের টার্গেটে ৭৭ রানে হেরে গেছে লাল-সবুজরা। তবে সফরে কেবল শুরু।
ম্যাচ হারের চেয়ে মুশফিকের স্কোয়াডের বাইরে থাকাটাই বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। ওই ম্যাচে চোট পেয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজ্যুরিতে আক্রান্ত মুশফিক।
বুধবার স্ক্যান করানোর কথা থাকলেও বৃহস্পতিবারের আগে তা হচ্ছে না। মিস করতে পারতে পারেন বাকি ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ। আপাতত কিপিং করবেন দলের তরুণ কিপার নুরুল হাসান সোহান। সে সঙ্গে ওয়ানডে অভিষেক হচ্ছে এ তরুণের।
সোহান ছাড়া প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলবে বাংলাদেশ দল।







