সামনে নতুন ছবির শুটিং, ‘বস ২’। ‘বস’ ছবির সিক্যুয়াল। এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। চুলের রং পুরোপুরি বদলে ফেলতে হবে। বদলাতে হবে চুলের স্টাইলও। আর তা করতে হবে ব্যাংককে। তার মানে ‘বস ২’ ছবির জন্য নুসরাত ফারিয়া নিজের লুক বদলে ফেলছেন।
ব্যাংকক থেকে ফেসবুকের মাধ্যমে নুসরাত ফারিয়া জানান, কাল বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন তিনি। থাইল্যান্ডে ‘বস ২’ ছবির শুটিং শুরু হবে ৭ মার্চ। তার আগের দিন আবার থাইল্যান্ডে যাবেন। এরপর টানা শুটিং হবে ২২ দিন।

এবার কলকাতায় ‘আশিকি’ ও ‘বাদশা দ্য ডন’ ছবির জন্য ‘আনন্দদিন সম্মান ২০১৭’ পেয়েছেন নুসরাত ফারিয়া। ২৬ ফেব্রুয়ারি কলকাতার পার্ক হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। নুসরাত ফারিয়ার হাতে পুরস্কার তুলে দেন সংগীতশিল্পী অনুপম রায় ও সুরকার–সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী। পুরস্কার হাতে নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘বাংলাদেশের এই ছোট্ট মেয়েটিকে সম্মাননা জানানোর জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ। এভাবে সব সময়ই আপনাদের ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই।’
নুসরাত ফারিয়া আরও জানালেন, কলকাতার ‘আনন্দদিন’ ম্যাগাজিন থেকে প্রকাশিত নতুন বছরের ক্যালেন্ডারে রয়েছে তার ছবি। এই ক্যালেন্ডারে আরও আছে বাংলাদেশের জয়া আহসান আর সারিকার ছবি। রয়েছে কলকাতার প্রসেনজিৎ, দেব, অংকুশ, বনি, আবির, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রাবন্তী, নুসরাত জাহান এবং সায়ন্তিকার ছবিও।








