কম বাজেটের কাহিনি নির্ভর সিনেমাও যে ব্লকবাস্টার হিট হতে পারে তার জ্বলন্ত উদাহরণ আয়ুষ্মান খুরানা অভিনীত বলিউড সিনেমা ‘আন্ধাধুন’। ভারতের বক্স অফিস মাতিয়ে এবার চীনেও বাজিমাত করল সিনেমাটি।
২০১৮ সালে ভারতে মুক্তি প্রাপ্ত ‘আন্ধাধুন’ সিনেমাটি চলতি বছর মুক্তি পেয়েছে চীনে। আর চীনের মাটিতে থ্রিলারধর্মী এই সিনেমাটি আয় করেছে ৩০০কোটি রুপি। যা রীতিমত অবিশ্বাস্য ব্যাপার!
চীনে ‘আন্ধাধুন’র এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেতা আয়ুষ্মান বলেন, ‘আন্ধাধুন’ চীনে ব্লকবাস্টার হয়েছে এবং ৩০০ কোটি আয় করেছে। দেশটির দর্শক ভারতের সেরা চলচ্চিত্র নির্মাতা শ্রীরাম রাঘবনের পরিচালিত থ্রিলারটি অনেক পছন্দ করছেন। এর সমস্ত কৃতিত্ব তারই। ‘আন্ধাধুন’ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে গর্বিত করছে এবং এর অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
চীনে ভারতীয় ছবির বাজার বহু আগে থেকেই। বক্স অফিসে সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমার তালিকায় রয়েছে-‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘হিন্দি মিডিয়াম’। এবার সে তালিকার তিন নাম্বারে অবস্থান করল ‘আন্ধাধুন’।








