মার্কিন পররাষ্ট্র বিভাগের স্পর্শকাতর তথ্য নিয়ে কাজ করা সাবেক এক কর্মচারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে।
দেশটির বিচার বিভাগ সরাসরি এ অভিযোগ এনেছে বলে বিবিসি জানিয়েছে।
ওই কর্মচারীর বিরুদ্ধে পররাষ্ট্র বিভাগের কাজে বাধা প্রদান এবং এফবিআইয়ের কাছে মিথ্যা বক্তব্য দেয়ার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ৬০ বছর বয়সী ক্যান্ডেস ম্যারি ক্লেবোর্ন ওই চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে লাখ লাখ ডলারের উপহার পেয়েছেন।
গত মঙ্গলবার ক্যান্ডেসকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
ক্যান্ডেস ম্যারি ক্লেবোর্ন ১৯৯৯ সাল থেকে মার্কিন পররাষ্ট্র বিভাগে কাজ শুরু করেন। ইরাক, সুদান এবং চীনসহ অনেকগুলো বৈদেশিক মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন।
বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ক্যান্ডেসের টপ সিক্রেট সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল। বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করা হচ্ছে- এমন কোনো ব্যক্তির সঙ্গে যে কোনো ধরণের যোগাযোগ কর্তৃপক্ষকে জানানোর কথা ছিল তার।
‘কিন্তু ক্লেবোর্ন চীন প্রজাতন্ত্রের দুই গোয়েন্দার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথা জানাতে ব্যর্থ হয়েছেন, যদিও ওই কর্মকর্তারা পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাকে ও তার পরিবারকে লাখ লাখ ডলারের উপহার এবং সুবিধা দিয়ে গেছেন,’ বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
২০১১ সালে এক চীনা গোয়েন্দার কাছে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিমালার কিছু তথ্য সরবরাহের বিনিময়ে প্রায় আড়াই হাজার মার্কিন ডলার অর্থ ক্যান্ডেস নিয়েছিলেন বলেও তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে।







