‘চিকুনগুনিয়া’ এখন সব থেকে আলোচিত এক রোগের নাম। ইতোমধ্যে সারাদেশে এই রোগে ভুগছে অসংখ্য মানুষ। বিশেষ করে রাজধানীতে এই রোগ যখন ভয়াবহ আকার ধারণ করেছে তখন সমালোচনার জবাব দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তার দাবি চিকুনগুনিয়ার বিস্তারের জন্য সিটি কর্পোরেশন দায়ী নয়।
তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানিয়ছেন ঠিক এর বিপরীত কথা। তিনি বলেছেন, চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করবে, কেউ ডাকলে বাড়ি বাড়িও যাবে। এছাড়া শুক্রবার চিকুনগুনিয়া বিম্তার রোধে সরকারকে উদ্যোগী হওয়ার বিষয়ে আহ্বান জানিয়ে এ রোগে আক্রান্তদের জন্য দোয়া করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সবকিছু মিলিয়ে ছুটির দিন শুক্রবারে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল চিকুনগুনিয়া। এই রোগের নাম হঠাৎ এমন আলোচনায় আসার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক কবির য়াহমদ।
তিনি লিখেছেন, ‘শুক্রবারের সবচেয়ে আলোচিত বিষয় ছিল চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া নিয়ে অনেক কিছু হয়েছে দেশে। কেউ কেউ বক্তৃতায় দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন, প্রতিরোধে দায়িত্ব নিয়েছেন, কেউ কেউ লিখেছেন, দোয়া করেছেন, আর অনেকেই চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করছেন।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, চিকুনগুনিয়া মহামারি হোক আর যাই হোক, এর জন্য কোনোভাবেই সিটি কর্পোরেশন দায়ী না। বাড়ি-বাড়ি গিয়ে মশা মারা, মশারি টানানো তাদের পক্ষে সম্ভব না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করবে, কেউ ডাকলে বাড়ি বাড়িও যাবে।
চিকুনগুনিয়া আক্রান্তদের জন্যে টুইটারে দোয়া করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এক টুইটে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন।
আহা চিকুনগুনিয়া শিরোনামে কলাম লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল।’









