পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা ছিল রোববার। কিন্তু তিনি দেশ থেকে লন্ডনের পথে উড়াল দিতে পারছেন না আজ।
এনডিটিভি বলছে, পাকিস্তান সরকার তাকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দিলেও বিমানবন্দরের ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম এখনও সরানো হয়নি।
এর আগে গত শুক্রবার পরিবারের অনুরোধ মেনে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পাকিস্তান মুসলিম লীগের সর্বোচ্চ এই নেতা রাজি হন। একই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা তুলে নেন।
এরপর থেকেই রোববার সকালে পাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল নওয়াজের।
এ বিষয়ে সরকারি এক কর্মকর্তা বলেন: ‘নো-ফ্লাই’ তালিকা থেকে নওয়াজ শরীফের নাম সরানো যায়নি। কারণ জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনবি) চেয়ারম্যান ‘অনাপত্তিপত্র’ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন না। এছাড়া ন্যাব এর কর্মকর্তারা নওয়াজ শরীফের মেডিক্যাল রিপোর্টও দেখতে চেয়েছেন।
দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লাটিলেট অত্যন্ত সংকটজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। এরকম পরিস্থিতিতে নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে চায় তার পরিবার।
নওয়াজের মেয়ে মরিয়ম শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি নিজে বাবার সঙ্গে লন্ডনে যেতে পারছেন না। লন্ডনে নওয়াজ শরীফকে তার সন্তান হাসান-হুসেন দেখাশোনা করবেন।








