রোগী মৃত্যুর ঘটনায় রোগীর স্বজন, চিকিৎসক এবং আনসার সদস্যদের ত্রিমুখী হাতাহাতির জেরে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী সেবা। ওই ঘটনায় চার চিকিৎসক, দুই আনসার সদস্য এবং রোগীর এক স্বজন হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন। মৃত রোগীর অন্য দুই স্বজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
দুপুরে ঢাকা মেডিকেল কলে হাসপাতাল-২ এর সিসিউইতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন নওশাদ আহমেদ। তার মৃত্যুর জেরে রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আনসার সদস্যদের সঙ্গে হাতাহাতি করতে করতে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় চিকিৎসকদের সঙ্গেও। চিকিৎসকরা মারধোরের শিকার হয়েছেন এমন খবরে হাসপাতালের জরুরী বিভাগ বন্ধ হয়ে যায়।
সেসময় বিপাকে পড়েন মুমূর্ষু রোগীদের নিয়ে আসা স্বজনেরা। দুর্ঘটনায় আহত শিশু এবং ব্রেন ও হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীরা জরুরী বিভাগের সামনে অপেক্ষায় থাকে।
ওই ঘটনায় আহত ২ আনসার সদস্য এবং মৃত রোগীর ভাইয়ের ছেলে টিপু জরুরী বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন। আহত চিকিৎসক ও চিকিৎসক নেতাদের নিয়ে আলোচনার পর গণমাধ্যমের সামনে পরিস্থিতি তুলে ধরে হাসপাতাল প্রশাসন।
বিকেল পৌনে ৫টার দিকে জরুরী বিভাগের কার্যক্রম চালু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঘটনায় দোষিদের বিরুদ্ধে মামলা হবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:










