ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম দুই সেশনে ২ উইকেট হারিয়ে চাপে থাকা পাকিস্তান মধ্যাহ্ন বিরতির পর আবারও ব্যাটিং শুরু করেছে। ক্রিজে আছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজহার আলী ও ইউনিস খান।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচের চতুর্থ ওভারেই সাফল্য পায় টাইগাররা। দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফিরেছেন খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি করা পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ। ১৬ বল খেলে ৮ রান করে মোহাম্মদ শহিদের বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ধরা পড়েন হাফিজ। দলীয় ৫৮ রানে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। ১৯ রান করে তাইজুল ইসলামের বলে শাহাদাতের হাতে ধরা পেড়ে সাজঘরে ফেরেন ওপেনার সামি আসলাম। এরপর জুটি বেধে দলকে সামনে টানার চেষ্টা করছেন ইউনিস-আজহার।
শুরুর সাফল্যের পরও কিছুটা চিন্তায় পড়েছিল বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলটি করার সময় পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন শাহাদাত হোসেন। তবে সুস্থ হয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি।







