বগুড়ায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে এ পর্যন্ত প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানায় র্যাব।
শনিবার বিকাল সাড়ে ৪টায় র্যাব-১২ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান র্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন।
আটককৃতরা হলেন, প্রতারক চক্রের মূল হোতা নবীর শেখ এবং সহযোগী মোঃ মাহমুদ হাসান মজনু। তাদের দু’জনেরই বাড়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়।
প্রেস ব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, আটককৃতরা নিজেদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের সাথে মোবাইলে কথা বলতো। আইনশৃঙ্খলা বাহিনীতে ভর্তি করানোর প্রস্তাব দিয়ে চাকরি প্রার্থীর মোবাইলে ভুয়া নিয়োগের এসএমএস পাঠাতো।
এরপর ভুক্তভোগীরা তাদের জালে আটকা পড়লে তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থ সংগ্রহ করতো। এভাবে তারা দীর্ঘদিন বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে ০৪ মার্চ শুক্রবার রাত ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে মূল হোতা নবীর শেখকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যানুযায়ী বগুড়া শহর থেকে মাহমুদ হাসান মজনুকে আটক করা হয়।
সোহরাব হোসেন জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভূয়া নিয়োগ এসএমএস পাঠানোর কথা স্বীকার করেছে। তারা বাল্ক এসএমএস ক্রয় করে অনলাইনের মাধ্যমে ভূক্তভোগীদের কাছে পাঠাতো। প্রতারিত ব্যক্তিরা টাকা চাইতে গেলে তাদেরকে প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি দেয়া হতো।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা চলছে বলে জানায় র্যাব।








