বিশিষ্ট আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মারা গেছেন। ।
সোমবার রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি দীর্ঘদিন ফুসফুস ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন তিনি। কানাডা প্রবাসী দুই ছেলে বুধবার দেশে ফেরার পর রংপুরে তাঁর দাফন হওয়ার কথা রয়েছে।
“জীবন ও কর্ম: ১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন মাহমুদুল ইসলাম। কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পরে আইনে ডিগ্রি নেন। রংপুরের প্রথিতযশা আইনজীবী আজিজুল ইসলামের সন্তান মাহমুদুল ইসলাম। প্রথমে রংপুর জেলা বারে আইন পেশা শুরু করেন তিনি। এরপর হাই কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
দেশ স্বাধীনের পর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি নেন তিনি।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী হিসেবে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের দিন পদত্যাগ করেন তিনি।
মাহমুদুল ইসলামই বাংলাদেশের প্রথম আইনজীবী যিনি সাংবিধানিক গবেষণামূলক বই লিখেছেন।






