মাত্র ৫৩ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন বিশ্বখ্যাত পপ সঙ্গীত তারকা জর্জ মাইকেল। তার মুখপাত্র (পাবলিসিস্ট) এ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের গোরিংয়ে নিজ বাসভবনে মাইকেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানানো হয়েছে। থেমস ভ্যালি পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মাইকেলের মৃত্যুর ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে দেখলেও তারা এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি।
আনুষ্ঠানিক বিবৃতিতে মাইকেলের মুখপাত্র বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে, ক্রিসমাসের এই সময়ে আমাদের প্রিয় ছেলে, ভাই এবং বন্ধু জর্জ শান্তিপূর্ণভাবে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।”
“মাইকেলের পরিবারের অনুরোধ, এই কঠিন আবেগঘন সময়ে যেন তাদের গোপনীয়তাকে সম্মান
করা হয়। এ ব্যাপারে এই মুহূর্তে আর বেশি কিছু জানানো হবে না,” বলেন ওই মুখপাত্র।
আশির দশকে দু’জনের ব্যান্ড ‘হোয়্যাম!’-এর মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন জর্জ মাইকেল। তার কিছু সময় পর থেকে সোলো পারফর্মার হিসেবেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন তিনি।
‘হোয়্যাম!’-এর ব্যান্ডমেট অ্যান্ড্রু রিজলি বলেছেন, প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যুতে মন ভেঙ্গে গেছে তার।
টুইটারে এক বার্তায় মাইকেলকে ‘ইয়োর্স ওনলি জর্জ’-এর সংক্ষিপ্ত রূপ ‘ইয়োগ’ নামে সম্বোধন করে তিনি লিখেছেন, “আমি, তার কাছের মানুষেরা, বন্ধুরা, সঙ্গীত জগত, পুরো বিশ্ব। তুমি চিরকাল ভালোবাসার মানুষই থাকবে।”
অ্যান্ড্রু ছাড়াও জর্জ মাইকেলের মৃত্যুতে বিশ্বজুড়ে বন্ধু, পরিচিত ও ভক্তরা বড় একটা ধাক্কা খেয়েছেন। তারা গভীর শোক প্রকাশ করে মৃতের আত্মার শান্তি কামনা করছেন।








