জনপ্রিয় ইংলিশ পপ সঙ্গীত তারকা ডেভিড বাউই আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গেলেন তিনি।
বাউইর মৃত্যুর খবর তার ছেলে চলচ্চিত্র পরিচালক ডানকান জোনস সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন।
‘১৮ মাস ক্যান্সারের সঙ্গে দুঃসাহসী লড়াইয়ের পর পরিবারের সবার মাঝে শান্তি নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনি’ পোস্টে লিখেছেন জোনস।
’৭০-এর দশকের প্রথম পোস্ট-মডার্ন পপ শিল্পী ছিলেন বাউই। বহু জনপ্রিয় আর বিখ্যাত গান উপহার দিয়েছেন তিনি। গত শুক্রবারই তার সর্বশেষ অ্যালবাম ব্ল্যাকস্টার প্রকাশিত হয়। ইতোমধ্যেই অ্যালবামটি সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে।
ডেভিড বাউইকে বলা হতো পপ শিল্পের পিকাসো। অভিনব রচনাশৈলীর গুণে তার প্রতিটি সৃষ্টিতেই থাকতো নতুন কিছু। বিটলস, রোলিং স্টোনস আর এলভিস প্রিসলির মতোই নিজস্বতা নিয়ে পপ সঙ্গীতকে নতুন অর্থ দিয়েছেন তিনি।
শুধু বিখ্যাত গায়কই নয়, বাউই ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার, যন্ত্রসঙ্গীত শিল্পী, পারফর্মার, প্রযোজক এবং অভিনেতা।
কিন্তু এসব যোগ্যতা আর গুণের বাইরেও তিনি ছিলেন একজন বিশাল মনের মানুষ; সাধারণের বেশে অসাধারণ।
২০০৬ সালে নিউইয়র্কে বাউই তার শেষ লাইভ পারফর্ম্যান্সে অংশ নিয়েছিলেন।






