সিলেটে চলন্ত ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার সিলেট রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে দুই যুবক, সেসময় গতির সাথে তাল মেলাতে না পেরে তারা দু’জনই ট্রেনে কাটা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস সিলেট রেলওয়ের আউটার সিগন্যালে পৌছার সময় দুই যুবক ট্রেনে ওঠার চেষ্টা করলে তারা ট্রেনে কাটা পড়ে।
সিলেট রেলওয়ে স্টেশনের ওসি জাহাঙ্গির হোসেন জানান, ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় দুই যুবকের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা সিলেটের কিনব্রিজে রিকশা ঠেলার কাজ করত বলে জানা গেছে।







