চলচ্চিত্রের বটবৃক্ষের চলে যাওয়া

রাজ্জাক
বাংলার প্রতিটি মানুষের মনের ঘরে প্রিয় নায়ক ও কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। নীল আকাশের নীচে, ছুটির ঘণ্টা, অশিক্ষিত, নাচের পুতুল, রাজলক্ষী শ্রীকান্ত, বাবা কেন চাকর, ওরা ১১ জনসহ বহু সিনেমায় অভিনয় করা এই কিংবদন্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনসহ সারাদেশের সাধারণ মানুষের মধ্যে। গুলশানের নিজ বাসায় বিকেল ৫টার দিকে অসুস্থতাবোধ করলে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। নিজ অভিনয় গুণে ও ব্যক্তিগত জীবনের সরলতায় তিনি ছিলেন চলচ্চিত্র জগতের সবার শ্রদ্ধার পাত্র। কালজয়ী এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত। দেশের চলচ্চিত্রের কলাকূশলীদের জন্য তিনি ছিলেন একজন আইকন। দেশের চলচ্চিত্রের যেকোন সঙ্কটে ভরসা হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে যে ক্ষতি তা অপূরণীয়। নায়করাজের অভিনয়জীবন, ব্যক্তিজীবন ও চলচ্চিত্র জগতের প্রতি নিষ্ঠার যে স্বর্ণখচিত দর্শন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। নায়করাজের বিদেহী আত্মার প্রতি শতসহস্র শ্রদ্ধা।






