চতুর্থ বর্ষে পথচলা শুরু করলো নতুন প্রজন্মের এফএম রেডিও ষ্টেশন রেডিও ভূমি ৯২.৮। জন্মদিনে নতুন করে লাল সবুজের সুর আর শুদ্ধ বাংলাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার অঙ্গীকারের কথা জানিয়েছে রেডিও ভূমি।
নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে লাল সবুজের সুর আর শুদ্ধ সংস্কৃতি পৌঁছে দেবার স্বপ্ন নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করে রেডিও ভূমি ৯২.৮। শুধু শুদ্ধ সুর আর শুদ্ধ বাংলা নয়, খেলাপ্রেমী শ্রোতাদের জন্য নতুন মাত্রা যোগ করেছে এই এফ এম রেডিও। সঙ্গে সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি পালনের পথ ধরে ৩ বছর আগে যে সময়টিতে স্টেশনটির যাত্রা শুরু ঠিক সেই বিকেল ৪:২২ মিনিটে উদযাপন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী।
উদ্যোক্তারা সেসময় রেডিও ভূমির পথচলা আর আগামীর স্বপ্নের কথা বলেন।
চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, লাল সবুজ সুরকে নিয়ে বাংলা ভাষাকে নিয়ে একটি রেডিও যে এগিয়ে যেতে পারে সেটাই একটা বড় প্রাপ্তি।
বাংলা সংস্কৃতিকে ভালোবাসার আহবান জানিয়ে ফরিদুর রেজা বলেন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসো দেখবে নিশ্চয়ই তোমার সাথে সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে।
চ্যানেল আই’ এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, আমাদের আকাঙ্খা ছিলো আমরা একটা বাংলা রেডিও স্টেশন তৈরি করবো। অবশ্যই একেবারে প্রমিত বাংলা ভাষা। কারণ বাংলা আমাদের এতো ঐতিহ্যমন্ডিত একটা ভাষা, এই ভাষা তার নিজস্ব গুণেই অনেক দূর এগুতে পারে।
“সেরকম একটা অবস্থা থেকে রেডিও ভূমি এফএম রেডিও হওয়ার পরেও দর্শক মনে একটা জায়গা দখল করে নিয়েছে।”
শাইখ সিরাজ আরও বলেন, দেশ গঠনে, জাতি গঠনে, সমাজ গঠনে রেডিও ভূমি বা এফএম ব্যান্ডগুলো কাজ করতে পারে, সেদিকেই রেডিও ভূমি আগামীতে এগুবে। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি।
৩ বছরে ৩০ ভাগ স্বপ্ন পুরণ হয়েছে, বাকি ৭০ ভাগ স্বপ্ন পুরণের জন্য এগিয়ে যাবার কথা জানালেন রেডিও ভূমি ৯২.৮ এর ষ্টেশন প্রধান শামস সুমন।
তিনি বলেন, শুধু বাংলা গান বাজিয়ে শ্রোতাদেরকে আমরা ধরে রেখেছি এবং শ্রোতাদেরকে বাংলা শুদ্ধ সঙ্গিত শোনার আমন্ত্রণ জানিয়েছি। শ্রোতারা সাড়া দিয়েছেন আমাদের আমন্ত্রণে।
ধারাভাষ্যকার শামীম আহমেদ বলেন, আইস ব্রেকিং যেটা আমরা বলি যে একটা নতুন কিছু শুরু করা, সে ব্যপারে রেডিও ভূমির খেলার দিক থেকে যে অবদান তা অনস্বিকার্য।
শুধু নতুন প্রজন্ম নয়, সব বয়সী শ্রোতাদের জন্য সব সময় নতুন কিছু করার চেষ্টায় সফল হবার জন্য সকলের ভালোবাসা চেয়েছে রেডিও ভূমি ৯২.৮।







