ডাচ বাংলা রকেট ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এবং প্রথম টেস্ট খেলতে সোমবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল।
শাহ-আমানত বিমানবন্দরে বিকেল চারটা কিছুক্ষণ আগে বাংলাদেশ ও ইংল্যান্ড দল চট্টগ্রাম পৌঁছায়। এ সময় দু’দলকে বিসিবি’র স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান।
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছিলো সফরকারীরা। টাইগারদের জেতা ম্যাচ ইংল্যান্ড ২১ রানে জিতে নিজেদের করে নেয়। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অধিনায়ক মাশরাফির ব্যাট বলের পারফরম্যান্সে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ। ফলে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।







