বৃষ্টি থামার পর ‘রকেট বাংলাদেশ-ইংল্যান্ড’ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মাঠের পরিচর্যা চলছে। বেলা ১টার দিকে পিচ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। পরিদর্শন শেষে ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।
এর আগে মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার সকালেও ঝরতে থাকায় ম্যাচ বাতিলের শঙ্কা দেখা দিয়েছিল। সেই শঙ্কা আপাতত কেটে গেছে।
তবে বৃষ্টি থামলেও বৈরী
আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নাম্বার সতর্কতা সঙ্কেত
দেখাতে বলেছে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বৃষ্টির কারণে উভয় দলের
অনুশীলন বাতিল হয়ে যায়।
বৃষ্টি চলতে থাকায় পিচসহ মাঠ ঢেকে রাখা হয়েছিল। সেগুলো এখন তুলে নেয় হয়েছে।
সোমবার চট্টগ্রামে
পৌঁছায় দুই দলের খেলোয়াড়রা। সিরিজের শেষ ওয়ানডে ছাড়াও বাংলাদেশ-ইংল্যান্ড
একটি টেস্টও হবে চট্টগ্রামে। ২০ অক্টোবর শুরু হবে পাঁচ দিনের টেস্ট।










