চট্টগ্রামে নাবিক কলোনি এলাকায় নৌবাহিনীর মসজিদ ও কেন্দ্রীয় হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষ্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে। চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বিষ্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের পতেঙ্গায় ঈশা খা ঘাঁটিতে জুম্মার নামাজের সময় এই এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, নামাজ শুরু হওয়ার পর প্রথম রাকাতেই এই হামলা চালানো হয়। সেখান থেকে অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
পুলিশ ধারণা করছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার জন্যেই এই হামলা চালানো হয়েছে। মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ বাহিনী র্যাব ওই এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে আলামত সংগ্রহের কাজ চলছে।
যে মসজিদটিতে হামলা চালানো হয়েছে সেটি অত্যন্ত সংরক্ষিত একটি এলাকায়। সাধারণ লোকজনের সেখানে প্রবেশাধিকার নেই।সাধারণত কলোনির লোকেরাই সেখানে নামাজ পড়তে যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যিনি গুরুতর আহত হয়েছেন তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।







