ফরাসি ক্লাব লিয়নের প্লে মেকার ম্যাথিউ ভালবুয়েনাকে ব্লেকমেইলের অভিযুক্ত চক্রান্তে জড়িত থাকার অভিযোগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। সংবাদ সংস্থা এজেন্স ফ্রেন্স প্রেস (এএফপি) সূত্রে এমনটি জানা যায়।
ফরাসি নাগরিক ভালবুয়েনার একটি সেক্স টেপ ব্যবহার করে অর্থ আদায়ের প্রচেষ্টার অভিযোগে একটি মামলায় ফ্রান্স জাতীয় দলের তারকা খেলোয়ার এবং লিয়নের সাবেক স্ট্রাইকার বেনজেমাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই মাসে ফ্রেঞ্চ প্রশাসনের চালু করা এই মামলায় গ্রেপ্তারের আগে বেনজেমা একটি বিচার বিভাগীয় পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন বলে জানা যায়।
এই মামলার তদন্ত কাজের অংশ হিসেবে এর আগে সাবেক লিভারপুল স্ট্রাইকার জিবরিল সিসেকেও পুলিশি হেফাজতে নেয়া হয়েছিলো এবং অক্টোবরে তিনি মুক্তি পান।
গত মাসে মামলার একজন প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, ২০১৫ সালের জুলাই মাসের ৩১ তারিখে জেলা কোর্ট ভারসেইলেস চালু করা একটি বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে জিবরিল সিসেকে গ্রেপ্তার করা হয়েছিলো।






