যুক্তরাজ্যের মিষ্টি ও চকলেটপ্রেমীদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ: স্থূলতা এবং ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে দেশটির সরকারি হাসপাতালের খাবারের দোকানগুলোতে ফ্যামিলি সাইজ চকলেট বার এবং অন্যান্য মিষ্টি খাবারের বড় প্যাকেট বিক্রি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।
নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস)-এর অধীনে থাকা হাসপাতালগুলোতে।
সরকারের উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এনএইচএসের ট্রাস্টগুলো হাসপাতাল এলাকায় রাখা ভেন্ডিং মেশিন (অর্থের বিনিময়ে স্বয়ংক্রিয়ভাবে খাবার সরবরাহের মেশিন), ক্যান্টিন বা দোকান থেকে মিষ্টি জাতীয় খাবারের বড় প্যাকেটগুলো সরিয়ে না ফেললে নতুন ঘোষিত কিছু অতিরিক্ত বরাদ্দ হারাবে।
শুধু এসব খাবার নয়, হাসপাতালে অস্বাস্থ্যকর স্যান্ডউইচ ও কোমল পানীয় বিক্রির পরিমাণের ওপরও সীমা বেঁধে দেয়া হবে বলে জানিয়েছে ডেইলি মেইল।
এনএইচএস ইংল্যান্ড-এর প্রধান নির্বাহী সাইমন স্টিভেনস ঘোষণা করেন, এনএইচএস প্রাঙ্গণে বিক্রি হওয়া কনফেকশনারি জাতীয় খাদ্যদ্রব্যের প্রতিটিতে আড়াইশ’ ক্যালরির কম থাকতে হবে। এটি একজন নারীর দৈনিক ক্যালরি চাহিদার আট ভাগের এক এবং একজন পুরুষের দশ ভাগের এক ভাগ, যেখানে একটি ১২০ গ্রামের ক্যাডবেরি ডেইরি মিল্ক ফ্যামিলি বারেই থাকে ৬৩৬ ক্যালরি।
নতুন নীতির ঘোষণায় আরও বলা হয়েছে, বিক্রি হওয়া প্যাকেটজাত স্যান্ডউইচসহ অন্যান্য সাধারণ খাবারের ৭৫ শতাংশই ৪শ’ ক্যালরির কম হতে হবে এবং সেখানে সম্পূরক চর্বি ৫ শতাংশের বেশি হওয়া যাবে না। হাসপাতালে থাকা পানীয়ের ৮০ শতাংশে অবশ্যই প্রতি একশ’ এমএলে ৫ গ্রামের কম চিনি থাকতে হবে।
২০১৮/১৯ সালে এনএইচএস অধীনস্থ হাসপাতালগুলোর কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের সুস্বাস্থ্যের জন্য নতুন দেড়শ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বরাদ্দের যে পরিকল্পনা করা হয়েছে, এই নিয়ম না মানলে ওই হাসপাতাল তার কিছুই পাবে না।








