হাইকোর্টে করা এক রিটে পুরান ঢাকার চকবাজার ও বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
গুলশান সোসাইটির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজের করা এ রিটে অগ্নিকাণ্ডের ওই দুটি ঘটনার স্বাধীন তদন্ত পূর্বক ক্ষতিপূরণ চাওয়া হয়।
এ রিটে ফায়ার ফাইটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সম্বলিত পোশাক, সরমজান ও যানবাহন সরবরাহের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গুলশান এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনেও নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া রাজধানীর বহুতল ভবনগুলোতে অগ্নি নির্বাপনের কী ব্যবস্থা রয়েছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে রাজউক চেয়ারম্যানকে ৩ মাসের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এছাড়া ন্যাশনাল বিল্ডিং কোড ও অগ্নি নির্বাপন আইন লংঘনের কারণে সৃষ্ট অগ্নি দুর্ঘটনা থেকে রাজধানী বাসিন্দাদের রক্ষা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রোববার এই মর্মে সহ কয়েকটি বিষয়ে রুল চাওয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে করা এ রিটের ওপর সোমবার শুনানি হতে পারে বলে জানান রিটকারি আইনজীবী।
স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, শিক্ষা সচিব এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, ঢাকা উত্তর ও দক্ষিন সিটির মেয়র, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও রাজউক চেয়ারম্যানকে এ রিটে বিবাদী করা হয়েছে।







