চাকরি না হওয়ায় ছাত্রলীগ নেতাকে দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় সিলেটের মদনমোহন কলেজের ছাত্র আব্দুল আলীকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের চাচা মোহাম্মদ আলী।
তার অভিযোগ, পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আব্দুল আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন এক ছাত্রলীগ নেতা। ছেলের চাকরির জন্য হালের গরু বিক্রি করে ওই টাকা দেন আলীর বাবা। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়েছিলেন আলী।
এই ঘটনার জেরেই তার ভাতিজাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন তিনি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে মদন মোহন কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আব্দুল আলী (১৯) কে। আলী ওই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তিনি নিজেও ছাত্রলীগ কর্মী। আলী দক্ষিণ সুরমার সিলামের আখলিস মিয়ার ছেলে।
এ হত্যার সাথে জড়িত থাকার দায়ে এখন পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। আটক পূর্ণজিৎ দাস ও রুহুল কান্তি দে বাসু দু’জনই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
আটককৃতরা আলী হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কতোয়ালি থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করছেন তারা।







