‘একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সিজন ফোর’-এ রোববার দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস এবং বরিশাল বুলস। ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় দুই দল। সন্ধ্যা ৭টায় নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে খুলনা টাইটান্সের বিপক্ষে। এখন পর্যন্ত জয়ের দেখা না পেয়ে কিছুটা হতাশ ভিক্টোরিয়ান্স। খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন কুমিল্লা।
প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের কাছে মাত্র ৩ রানে হার। আক্ষেপতো আছেই। তবে পরের ম্যাচে ৬ উইকেটের জয়ে কিছুটা স্বস্তিতে রাজশাহী কিংস। এই জয়কে ‘টুর্নামেন্টে ফেরা’ বলছেন ক্যাপ্টেন ড্যারেন স্যামি। রোববার বরিশাল বুলসের বিপক্ষে সেটা ধরে রাখতে চায় রাজশাহী।
উদ্বোধনী দিনে ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটের হারটা বড় ধাক্কাই ছিল বরিশালের জন্য। তবে ভিক্টোরিয়ানদের হারিয়ে স্বস্তি ফিরেছে বরিশাল বুলসে। রাজশাহীর বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে টস ভাগ্যের ওপর নির্ভর করে টিম প্ল্যান সাজাচ্ছে বরিশাল বলে জানিয়েছেন বুলস ওপেনার শাহরিয়ার নাফিস।
এই বরিশাল বুলসের কাছে হেরে এখনো রেসের বাইরে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্টের খাতাও শূন্য। ভিক্টোরিয়ান্স কোচ মিজানুর রহমান বাবলু বলছেন: আগের ম্যাচ গুলোর ফল সেইটাই ছিলো না কেনো, সামনের ম্যাচ গুলোতে আমরা ঘুরে দাঁড়াতে চাই। এগিয়ে যাওয়ার লড়াইয়ে খুলনা টাইটান্সও দেখছে জয়ের স্বপ্ন।







