অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা আরেকটি সিরিজ জিতেছে। নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে টানা সপ্তম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে তারা। এর মধ্যে দুটি বিদেশের মাটিতে। পাঁচটি নিজেদের দেশে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৪ উইকেটে। পরের ম্যাচটি ৬ রানে জিতে সিরিজে ফিরে আসে কিউইরা। আমলারা পরেরটি জিতে নেয় ১৫৯ রানে। নিউজিল্যান্ড চতুর্থ ম্যাচটি ৭ উইকেটে জিতলে অলিখিত ফাইনাল লড়াইয়ের অপেক্ষায় থাকে দুই দল।
সেই লড়াইয়ে একচেটিয়া জয় হলো দক্ষিণ আফ্রিকার। টস জিতে পরে ব্যাট করে ১০৬ বল হাতে রেখে সিরিজটি নিজেদের করে নিয়েছে তারা। রাবাদা, তাহির এবং ফেলুকাওয়ের সামনে কিউই ব্যাটসম্যানরা তাসের ঘরের মতো ভেঙে পড়েন।
রাবাদা ৭.১ ওভার বল করে তিনজনকে ফিরিয়েছেন। দুটি করে উইকেট ফেলুকাও এবং তাহিরের। যাতে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৪৯ রানে। কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটি।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ রানের মাথায় ডি’কককে হারালেও প্লেসিস এবং মিলার দলকে সহজ জয় এনে দেন।
প্লেসিস ৯০ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। মিলার অপরাজিত ছিলেন ৪৫ রানে। বল খেলেন ৩৫টি।







