সকালে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট শুরু হলেও দিন বাড়ার সাথে সাথে বিভিন্ন হল থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই ব্যালটে সিল মারা থাকায় বিক্ষোভে ভোট স্থগিত করেন কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা।বেলা ১২টার দিকে বেগম রোকেয়া হলে তিনটি ব্যালট বাক্স সরিয়ে রাখার অভিযোগ নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলাকে কেন্দ্র করে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। এরপর জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্রঐক্য, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার এবং স্বতন্ত্র জোটের অরণি-শাফী প্যানেল ডাকসু নির্বাচন বর্জন করেছে। একই সাথে নির্বাচন আবারও অনুষ্ঠানের দাবি জানিয়েছে।






