নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, দলটির এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে বিশেষ বৈঠকে করবে ইসি, সেখানে বিএনপির দেয়া তালিকা নিয়েও আলোচনা করা হবে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনী গুজব বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, ভোটের সময় জঙ্গি হামলাসহ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ নিরাপত্তার বিষয়ও আলোচ্যসূচিতে থাকবে।
বিএনপির অভিযোগ, ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৫২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকাও ইসিতে পৌঁছে দিয়েছে বিএনপি।
ইসি বলছে, বিএনপির সর্বশেষ তালিকা হাতে নিয়েই বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে বসবে তারা। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা দেয়াসহ ভোটের পরিবেশ সুষ্ঠু করতেই বিশেষ বৈঠকের আয়োজন বলে জানিয়েছেন ইসি সচিব।
গুজবকে কেন্দ্র করে ভোটের উৎসব যেন ভণ্ডুল না হয় সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে চিন্তিত ইসি। সেই জন্য নেটপাড়াকে নিয়ন্ত্রণ করতে বিটিআরসির সঙ্গে করবে বিশেষ বৈঠক।
নির্বাচনী সহিংসতা প্রবণ এলাকাসহ নির্বাচনে জঙ্গি হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।
ভোটের সময় কোনো ধরণের ধর্মীয় সভা সমাবেশ না করতে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








