গ্রিসে পৌঁছেছে আরো কয়েক হাজার অভিবাসী। বন্দরে নামা হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলতে প্রস্তুতি নিচ্ছেন গ্রিস সরকার। দুটি নৌকায় করে ৪ হাজার ২০০ বেশি অভিবাসী মঙ্গলবার রাতে এবং বুধবার ভোরে লেসবস দ্বীপের পায়ারাস বন্দরে পৌঁছে।
এসব অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এদের অধিকাংশই মধ্যপ্রাচ্য থেকে আসা বলে ধারণা করা হচ্ছে।
প্রথম নৌকাটি ১ হাজার ৭শ ৪৯ অভিবাসী নিয়ে মঙ্গলবার রাতে এথেন্সের কাছে পায়ারাস বন্দরে পৌঁছে। আর ২ হাজার ৫ শ অভিবাসী নিয়ে দ্বিতীয় নৌকাটি পৌঁছে বুধবার ভোরে। অভিবাসীদের নজিরবিহীন এই স্রোত সামলাতে রীতিমতো সংগ্রাম করছে পুরো ইউরোপ।
ইউরোপিয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী ফন্টেক্স জানায়, গত এক ২৩ হাজার অভিবাসী গ্রিসে প্রবেশ করেছে। আগের সপ্তাহের তুলনায় এর হার ৫০ শতাংশ বেশি। আর গ্রিসের খাতিমিরানি পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহে সাড়ে ১৭ হাজার অভিবাসী নিবন্ধন করেছেন।
অন্যদিকে, পুলিশ আটকে দেয়ার পর কয়েকশ’ অভিবাসী হাঙ্গেরীর একটি রেল স্টেশনে অপেক্ষা করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএসডিআর) জানায়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানো শরণার্থী ও অভিবাসীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ লোক গ্রিসে এসে উঠেছে এবং আরো এক লাখ ১০ হাজার লোক ইতালি ভিড়েছে। বিপদসংকুল সমুদ্রযাত্রায় এ পর্যন্ত প্রায় আড়াই হাজার লোকের মৃত্যু হয়েছে।






