স্যামসাং গ্যালাক্সি নোট ৮ নিয়ে গ্রাহকের আগ্রহ রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রি-অর্ডার নেবার ক্ষেত্রে আগের ফোনগুলোর রেকর্ড ছাড়িয়ে গেছে গ্যালাক্সি নোট সিরিজের নতুন এ স্মার্টফোন। এইফোন দিয়ে স্যামসাং স্মার্টফোন বাজারে অ্যাপলকে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে।
২৩ আগস্ট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফোন উম্মোচনের পরে প্রি-অর্ডারে রেকর্ড করেছে বলে জানান স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল যোগাযোগ ব্যবসা বিভাগের প্রেসিডেন্ট ডিজে কোহ।
ডিজে কোহ বলেন, বর্তমানে স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা। বিশ্বের ৪০টি দেশে গ্যালাক্সি নোট ৮-এর যে পরিমাণ প্রাক-ক্রয়াদেশ পাওয়া গেছে, তা নোট সিরিজের আগের ডিভাইসগুলোর রেকর্ড ভেঙেছে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং গত বছর গ্যালাক্সি নোট ৭ বাজারে এনে খারাপ সার্ভিসের কারণে সমালোচনার মুখে পড়েছিল। দ্রুত স্থায়ীভাবে নোট ৭ এর উত্পাদন বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোন আগের সংস্করণের লোকসান কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে ধারণা করছে প্রযুক্তিবিদরা। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩০-৯৬০ ডলার।
গত শুক্রবার থেকে স্থানীয় বাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য বাজারগুলোয় গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হলে ব্যাপক সাড়া পাওয়া যায়। অগ্রিম যারা প্রাক-ক্রয়াদেশ দিয়েছেন তাদের হাতে ডিভাইস সরবরাহ শুরু হয়েছে।







