লাল এবং সাদা বলের পর ক্রিকেটের নতুন সংস্করণ গোলাপী বল। দিবারাত্রির টেস্টের শুরু থেকেই ব্যবহৃত হয়ে আসা বলটির বেশকিছু বিশেষত্ব রয়েছে। লাল বলের চেয়ে এই বলে বোলাররা গতি এবং মুভমেন্ট বেশি পেয়ে থাকেন। এছাড়া রাতের খেলায় এই বলে ব্যাটিং ও ক্যাচিং দিনের তুলনায় বেশ কঠিন। গোলাপী বলের এই ব্যতিক্রমী আচরণকে চ্যালেন্জিং বলে মনে করেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ।
গোলাপী বলে খেলার অভিজ্ঞতা কম থাকায় এই বলের সাথে মানিয়ে নিতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছে বলেও মনে করেন তিনি। শুক্রবার এক সাক্ষাতকারে এসব কথা জানিয়েছেন ভারতীয় সহ-অধিনায়ক।
‘আমরা গোলাপী বলে খুব বেশি খেলার সুযোগ পাইনি। গোলাপী বলে ব্যাটিং, বোলিং এবং ক্যাচিংয়ে আমরা একদমই অভ্যস্ত নই। আমরা এখনো এই সংস্করণে নতুন। গোলাপী বলে আমাদের স্বল্প অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংস্করণেটিতে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছি আমরা।’
দিবারাত্রির টেস্টের সাথে দ্রুত মানিয়ে নিতে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন ডানহাতি এ পেসার। এছাড়া এই সংস্করণের জন্য ভারতীয় দল রাতের বেলা প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানিয়েছেন বুমরাহ।
‘আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। পেশাদার খেলোয়াড় হিসেবে এই সংস্করণের সাথে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। গোলাপী বলে খেলতে আমরা রাতের বেলা প্রস্তুতি নিচ্ছি। মূলত এই পরিবর্তনগুলোই আনতে হবে আমাদের।
আগামী শনিবার সিরিজের শেষ এবং একমাত্র দিবারাত্রির টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে রোহিত শর্মার দল।








