গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এক সদস্য নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে।
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু নিহত
হওয়ার পরই এবং জেএমবিসহ অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ‘ক্র্যাকডাউন’ শুরু করে পুলিশ।
এ নিয়ে গত ৩ দিনে বন্দুকযুদ্ধে ৫ জন জেএমবি সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটল।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জেএমবি সদস্য জাহাঙ্গীরের বাড়ীতে কিছু জেএমবি সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে রাত ১টার একটি পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময় জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে জেএমবি সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জেএমবি সদস্যের লাশ উদ্ধার করে। তবে পুলিশ নিহত জিএমবি সদস্যের নাম পরিচয় জানাতে পারেনি।
গত ৬ জুন প্রথম রাতের অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঢাকা ও রাজশাহীতে তিন জেএমবি সদস্য নিহত হয়। এরপর গতকাল বুধবার বগুড়ার শিয়া মসজিদে হামলা মামলার অন্যতম আসামী জেএমবি সদস্য কাওসার শিবগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।








