গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবীতে প্রশাসনিক ভবনের সামনে টানা ১১ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে ৩ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার দুপুর সোয়া ১ টায় গুরুত্বর অসুস্থ প্রথম বর্ষের ছাত্র মো. রাকিবুল, ৩য় বর্ষের ছাত্রী পিংকি ও ৩য় বর্ষের ছাত্রী নাঈমাকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বেলা ১১ টায় শিক্ষকদের সঙ্গে সমঝোতার বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী-শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করেন।
এ ঘটনার পর শিক্ষার্থীরা আন্দোলনের স্থান প্রশাসনিক ভবনের সামনে যাওয়ার ১০ মিনিট পরই ওই তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল/ রিজেন্টবোর্ড ইউজিসিকে একটি চিঠি দেয়। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় যে ইউজিসি চিঠির গুরুত্ব না দিয়ে বিভাগটি খোলার কোন অনুমতি দেয়নি। পরবর্তীতে ইউজিসিকে আবারও একটি চিঠি দেয়া হয়। কিন্তু সে বারও অনুমতি মেলেনি।
তিনি বলেন, ‘ইতিহাসের অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন থাকায় তাদের ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে একাডেমিক কাউন্সিল, ভর্তি কমিটি ও রিজেন্ট বোর্ডের অনুমোদন নিয়ে বঙ্গবন্ধু ইন্সটিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইন্সটিটিউটের অধীনে ইতিহাস ডিগ্রি চালু করা হয়। এরপর ইতিহাসের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ইন্সটিটিউটের অধীনে ইতিহাস পড়ার সুযোগ করে দেয়া হয়।’
ইতিহাস বিভাগ অনুমোদন না দেয়ার ইউজিসির ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত ৬ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে ইতিহাস বিভাগের প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী। টানা ১১দিন ধরে আন্দোলন করে আসছে তারা।
২০১১/১২ শিক্ষাবর্ষে ১৬০ জন শিক্ষার্থী ও ৫টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমান ৩৪টি বিভাগে ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।








