যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে পাঠানো ও গ্রহণ করা হিলারি ক্লিনটনের ই-মেইলের আরো কপি প্রকাশ করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। সোমবার রাতে সাবেক ফাস্ট লেডির ৭ হাজারের বেশি ই-মেইলের কপি প্রকাশ করা হয়, তবে ১৫০টি গোপনীয় মেইল প্রকাশ তালিকায় রাখা হয়নি।
এরআগে হিলারির ১২৫টি ই-মেইলের কপি প্রকাশ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করার কারণে সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি।
হিলারির দাবি, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে তিনি কোনো আইন অমান্য করেননি। রাষ্ট্রীয় কোনো গোপন তথ্যও ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে পাঠাননি। তার এসব ই-মেইল পর্যালোচনার পর তা প্রকাশ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক এই ফার্স্ট লেডি। হিলারির সার্ভার থেকে পাঠানো চারটি ই-মেইলে গোপন তথ্য ছিলো বলে সন্ধান পায় গোয়েন্দা সংস্থা। এর মধ্যে দুটি ই-মেইলে উচ্চমাত্রায় গোপনীয় তথ্য ছিলো বলা হচ্ছে।






