একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দুই হাজার ৩৬৭ জন গেরিলাযোদ্ধাকে স্বীকৃতি দিয়ে করা প্রজ্ঞাপনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সাথে তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি দেওয়া নির্দেশনাও বহাল থাকছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সদস্যরা বিশেষ গেরিলা বাহিনী গঠন করে মুক্তি সংগ্রামে অংশগ্রহন করে। প্রায় ৪৩ বছর পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে ২০১৩ সালে গেরিলা বাহিনীর ২ হাজার ৩’শ ৬৭ জনের তালিকা প্রকাশ করে। এতে গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ ভট্টাচার্য, কমরেড মনি সিংহ, অধ্যাপক মোজাফফর আহমেদ, মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম অন্তর্ভুক্ত ছিল।
২০১৪ সালে এই তালিকা বাতিল করে দেয় সরকার। এর বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট প্রজ্ঞাপন বহালের পক্ষে রায় দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ।
আপিল বিভাগের দেওয়া রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানান রিট আবেদনকারী। তবে দেরি করে হলেও গেরিলাদের তালিকা করায় সরকারকে ধন্যবাদ জানান আবেদনকারীর আইনজীবী।







