বিপিএলের পুরো টুর্নামেন্টেই হেসেছে তামিম ইকবালের ব্যাট। রাজশাহীর বিপক্ষে এলিমিনেটর ম্যাচেও করেছেন ফিফটি। গেইলকে যেভাবে ব্যবহার করতে চেয়েছিলেন ঠিক ওই রকম না হলেও আজকের ম্যাচে ৩০ বলে খেলেছেন ৪৪ রানের ছোট্ট ঝড়ো ইনিংস।
ম্যাচ শেষে বিসিবি’র মিডিয়া সেন্টারে বললেন, গেইল ও নিজের ব্যাটিংয়ে খুশী তিনি।
গেইলের সঙ্গে ব্যাটিং নিয়ে তামিম বলেন, এটা ভিন্ন অভিজ্ঞতা। যে বলগুলো সাধারণত পৃথিবীর যেকোনো ব্যাটসম্যানরা এক বা দুই নেয়, ওগুলো ও ছয় মেরে দেয়। আমার জন্য একটু দুর্ভাগ্য হয়ত আমি বেশি দেখতে পারিনি। তবে যতটুকু দেখছি সেটা ছিল দুর্দান্ত। ক্রিকেট এমন একটা জিনিস আপনি যত বড় খেলোয়াড় আনেন না কেন, পারফরম্যান্স হবে কী হবে না, এটার গ্যারান্টি নাই।
“ওর আচরণ যেটা ছিল আমি হ্যাপি। ও মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে। সব ধরনের সাহায্য করার চেষ্টা করেছে। যেটা আমরা আশা করেছি সেটা হয়ত হতে পারেনি। তবে ওটা নিয়ে আমি আপসেট না। ১১ জনের আরো ১০ জন ছিল, ওরাও ভালো করতে পারত।”
ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ব্যক্তিগত পারফরম্যান্সের কথা যদি বলেন আমি হ্যাপি। টুর্নামেন্টে যেভাবে খেলেছি। রান প্রায় ৪০০। এটি অসাধারণ। যে ধরনের ব্যাটিং আমি করেছি ওটা নিয়ে খুশি। তবে দিন শেষে রানগুলো যদি দলকে জেতাতে সাহায্য না করে এটার কোনো মূল্য নেই। তবে যেভাবে খেলেছি তাতে আমি খুশি। যদি আরো ১০ ভাগ বেশি ভালো করতাম, আজকে আমি আরো একটু ভালো খেললে হয়তো ১০ রান বেশি হতো।










