প্লে-অফের চার দল নিশ্চিত হয়ে গেছে শুক্রবারই। এরপরও শনিবারের ম্যাচ দুইটি গুরুত্বপূর্ণ ছিল, কারণ কারা খেলবে বঙ্গবন্ধু বিপিএলের কোয়ালিফায়ারে আর কারাই বা এলিমিনেটর তা নির্ধারিত হবে এই ম্যাচ দিয়েই। সেই হিসাবে দিনের প্রথম ম্যাচে ভাগ্য গড়া হয়ে গেছে রাজশাহী রয়্যালসের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে আন্দ্রে রাসেলের দল।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে লিটন দাস ও আফিফ হোসেনের উদ্বোধনী জুটিই খেলার ফল নির্ধারণ করে দিয়েছে রাজশাহীর, ১৪ বল বাকি রেখেই তুলে নিয়েছে জয়।
অথচ এই ম্যাচের আগে কোয়ালিফায়ারে খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল চট্টগ্রামেরই। এরমাঝে ক্রিস গেইল দলে যোগ দেয়ায় ব্যাটিং লাইনআপের শক্তিও বেড়ে যায়। তবে এদিন তেমন কোন ভেল্কি দেখাতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটিং দানব, আফিফের বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২১ বলে ২৩ রানে।
খুব বেশি এগোতে পারেননি দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান ইমরুল কায়েসও, থেমেছেন ১৯ রান করে। আরেক ক্যারিবিয়ান চ্যাদউইক ওয়ালটন ৪ রানে আউট হলে হাল ধরেন মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান। ৩ ছক্কা ও ২ চারে ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। ১৭ বলে ৩৩ রান করেন সোহান।
জবাবে ওভার প্রতি ৯ রানের বেশি এসেছে লিটন-আফিফের ৮৮ রানের জুটিতে। ৩১ বলে ৩২ করে আফিফ ফিরে গেলেও লিটন ছিলেন একপ্রকার অপ্রতিরোধ্য।
৪৮ বলে ৭৫ রানে যখন লিটন যখন থেমেছেন দল তখন জয় থেকে মাত্র ১৮ রান দূরে। ১১ চার ও ১ ছক্কায় ম্যাচজয়ী ইনিংস খেলেছেন ডানহাতি এ ওপেনার।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। এ দুই দলের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহীর। পরাজিত দল খেলবে এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে।








