বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে হেসে খেলেই জয় পেয়েছে সিলেট সুপার স্টারস। মিরপুরের হোম অব ক্রিকেটে তারা বরিশাল বুলসকে হারিয়েছে নয় উইকেটে।
মাত্র ৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকীর অপরাজিত ৩৪ ও নুরুল হাসানের অপরাজিত ২৩ রানে ৫২ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে সিলেট।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বরিশালকে এ যাবতকালে বিপিএলের সর্বনিম্ন ৫৮ রানে অলআউট করে সিলেট।
ব্যাট করতে নেমে বরিশালের ব্যাটসম্যান টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন ক্রিস গেইল কথা মতো ছক্কা হাঁকিয়েই শুরু করেছিলেন।
কিন্তু তার ইনিংস বড় করতে দেয়নি পেসার মোহাম্মদ শহীদ। পরের বলে আবারো ছক্কা মারতে গিয়ে লং অনে মিলনের হাতে ধরা পড়েন তিনি।
এরপরই বরিশালকে চেপে ধরেন সিলেটের বোলাররা। তাদের মারাত্মক বোলিংয়ে ব্যাটসম্যানরা শুধু সাজঘরে আসা যাওয়া শুরু করে।
সিলেটের পক্ষে রবি বোপারা তিনটি, মোহাম্মদ শহীদ, শহীদ আফ্রিদী, রুবেল হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
সিলেটকে নেতৃত্ব দেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের জায়গায় শহীদ আফ্রিদী।






