গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রোববার সকাল ৭টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার গ্রামের বাড়িতে থাকা অবস্থায় আব্দুল খালেক শেখ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। শনিবার আব্দুল খালেক শেখকে গুরুতর অসুস্থ অবস্থায় বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।







