গুয়েতেমালার রাজধানীর উপকণ্ঠে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৩৫০ জন লোক নিখোঁজ রয়েছেন।
মাটির নিচ থেকে জীবিতদের খুঁজে বের করতে উদ্ধারকর্মী, পুলিশ, সেনা ও আশপাশের বাসিন্দারা শুক্রবার ও শনিবার সারাদিন ধ্বংসাবশেষ সরিয়েছে।
এ পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
যারা চাপা পড়েছেন তাদের অনেকের পরিবারের সদস্যরা তাদের কাছ থেকে বার্তা পেয়েছেন। তারা মাটির নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সরকারের দুর্যোগ প্রশমন অফিস সিওএনআরএডির কমান্ডার সার্গিও ক্যাবানাস বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৫ জনের মৃতদেহ শনাক্ত করেছি। একটি মৃতদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।’
এই ঘটনায় নিহতদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে।







