একদিনের ব্যবধানে রাজধানীর গুলিস্তানে দোকান বসানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের আবারও সংঘর্ষ হয়েছে। ইটের আঘাতে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে শিগগিরিই ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে ডিএমপি কমিশনার।
গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনে হকারদের বসা নিয়ে হকারদের সঙ্গে আজ শুক্রবার সকালে ট্রেড সেন্টারের দোকান মালিকদের আলোচনার সময় এক দোকান মালিককে মারধর করে হকাররা। পরে দোকানমালিকদের সঙ্গে হকারদের হামলা-পাল্টা হামলা শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, রাবার বুলেট এবং টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। দুপুর ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত সংঘর্ষ চলে। সেসময় আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেন্টারের ভেতর থেকে একশ’র বেশি শ্রমিককে আটক করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
হকারদের বসা নিয়ে বৃহস্পতিবারও হকার এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছিলো।










