রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ডিবি’র সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হয়েছেন। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পর রাত সোয়া একটার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রাত সোয়া বারো’টায় ওই সন্ত্রাসী হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়। ইউনাইটেড হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। তার ভাই চ্যানেল আই অনলাইনকে জানান, স্প্রিন্টারের গুরুতর আঘাতে তিনি আহত হন।
অপরদিকে সন্ত্রাসী হামলায় গুলশান থানার ওসি শেখ সিরাজুল ইসলামও আহত হয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী। তিনি জানান, সিরাজুল ইসলামের হাতে ও পায়ে গুলি লেগেছে। সিরাজুল ইসলামও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরআগে গুলশানের ৭৯ নং রোডের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নাগরিক জিম্মি রয়েছে; তাদের মধ্যে কয়েকজন বিদেশি রয়েছেন বলে জানা গেছে।







