রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় পুলিশের দুই উর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন ডিবি’র সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান।
ডিবি’র সহকারী কমিশনার রবিউল ইসলাম ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পর রাত সোয়া একটার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে রাত সোয়া বারো’টায় একই ঘটনায় বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান নিহত হয়।
ইউনাইটেড হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম। এছাড়াও আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ২০ জন।
সন্ত্রাসী হামলার ঘটনায় ইতিমধ্যে জিম্মি অবস্থা থেকে এক আর্জেন্টাইনসহ দু’জনকে উদ্ধার করেছে সোয়াট। অপরজন বাংলাদেশের নাগরিক ইলেক্টিশিয়ান বেলাল বলে জানানো হয়েছে। সন্ত্রাসীদের কবলে এখনো রেস্টুরেন্টে জিম্মি রয়েছেন বেশ কয়েকজন দেশি বিদেশি নাগরিক।
এরআগে শুক্রবার রাত সোয়া নয়’টার দিকে গুলশানের ৭৯ নং রোডের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।







