কুকুরের ঘেউ ঘেউ বা বেড়ালের মিঁউ মিঁউ ডাকের সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু জেব্রা কীভাবে ডাকে সেটা জানেন? অথবা চ্যাপ্টা মাথার তিমি?
এমন অনেক পশুপাখিই আছে, যাদের ডাকের সঙ্গে আমরা পরিচিত নই। তাই কখনো কোথাও শুনতে পেলেও আমরা চিনতে পারি না। আর বাড়ির ছোট্ট সদস্যটি যখন সেই ডাক শুনে আপনার কাছে জানতে চায় কীসে ডাকছে ওরকম করে, বড় হিসেবে মানসম্মানটাই যেনো আপনার ডাক না শুনে দূরে পালায়!
তাই আপনার সম্মান বাঁচাতে এবং শিশুদেরকে বিভিন্ন প্রাণীর ডাকের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই টেক জায়ান্ট গুগল নিয়ে এলো নতুন ব্যবস্থা। গুগল তার সার্চ অপশনে নতুন একটি ফিচার যোগ করেছে, যার মাধ্যমে পশুপাখির ডাকের অডিওটিও সার্চ করে পাওয়া যাবে।
এজন্য গুগল সার্চে গিয়ে সার্চ বক্সে টাইপ করুন ‘Animal noises’। আপনি পেয়ে যাবেন বিভিন্ন পশুপাখির আঁকা ছবিসহ সেগুলো ডাকের অডিওর তালিকা। ছবিগুলোতে ক্লিক করলেই শুনতে পাবেন ওই প্রাণীটি কীভাবে ডাকে তার একটি নমুনা।
তবে আপনি যদি নির্দিষ্ট কোনো প্রাণীর ডাক শুনতে চান তবে তার নাম লিখেই সরাসরি সার্চ দিতে পারেন এভাবে। যেমন, কুকুরের ক্ষেত্রে সার্চ করুন, ‘What does the dog say’।
নতুন ফিচার হওয়ায় আপাতত এখানে মাত্র ১৯টি প্রাণীর ডাক যোগ করা হয়েছে। ধীরে ধীরে আরো প্রাণীর ডাকের অডিও যুক্ত হবে বলে জানিয়েছে গুগল।







