নতুন ভিডিও চ্যাটিং অ্যাপ বাজারে ছেড়েছে টেক জায়ান্ট গুগল, যার নাম ‘ডুয়ো’ (Duo)। অ্যাপলের ফেসটাইম, মাইক্রোসফটের স্কাইপ এবং ফেসবুকের মেসেঞ্জারের মতো জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপগুলোর সঙ্গে পাল্লা দিতেই গুগল নতুন অ্যাপটি লঞ্চ করল।
বাজারে থাকা অন্যান্য ভিডিও চ্যাটিং বা ভিডিও কলিং অ্যাপগুলো থেকে খুব একটা ভিন্ন নয় ডুয়ো। তবে এর বিশেষ একটি ফিচার আছে, যার মাধ্যমে ব্যবহারকারী কল গ্রহণের আগেই মোবাইল স্ক্রিনে এক নজরে দেখে নিতে পারবেন কে কল করেছে। এতে তিনি কল ধরবেন কি ধরবেন না, সেই সিদ্ধান্ত নিতে সহজ হবে।
গুগল এই ফিচারের নাম রেখেছে ‘নক, নক’।
ডুয়ো সম্পর্কে নির্মাতা গুগল প্রথম ঘোষণা দেয় গত মে মাসে। বর্তমানে এটি বিনামূল্য সেবা হিসেবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি অ্যাপলের আইফোনেও ব্যবহার করা যাচ্ছে।
নতুন এই অ্যাপটিতে প্রতিটি ভিডিও কল এনক্রিপ্ট করা থাকে, যেন সেই কলের ডেটা কেউ বিনা অনুমতিতে নিতে না পারে। ইন্টারনেট সংযোগের গতির ওপর ভিত্তি করে ভিডিও রেজ্যুলেশন পরিবর্তিত হয়।
বেশিরভাগ ভিডিও চ্যাট অ্যাপের জন্য মোবাইল ফোন নম্বরের পাশাপাশি সেই অ্যাপের জন্য ইমেইল, পাসওয়ার্ড দিয়ে আলাদা অ্যাকাউন্ট খোলা লাগে। তবে ডুয়োতে এসবের ঝামেলা নেই। অ্যাপলের ফেসটাইমের মতো এটিতেও শুধু একটি ফোন নম্বর দিয়েই অ্যাকাউন্ট খোলা সম্ভব।
২০১৩ সাল পর্যন্ত গুগল হ্যাংআউটস অ্যাপ দিয়েই ভিডিও কলিং সেবা দিত। তবে ডুয়ো’র লঞ্চের পর থেকে সেটি শুধু ব্যবসা সংশ্লিষ্ট ভিডিও মিটিংয়েই ব্যবহৃত হবে। নতুন অ্যাপের সঙ্গে এর কোনো সংযোগ থাকবে না।
অন্যান্য অ্যাপের চেয়ে বেশি সহজ-সরল এবং বিশ্বস্ত যোগাযোগের উপায় হিসেবেই ডুয়ো সুনাম অর্জন করবে বলে আশা করছে গুগল।







