নতুন গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পার্সোনাল অ্যাসিস্টেন্ট যুক্ত করার ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই এবং এর অধীনস্থ কিয়া মোটরস। ২০১৯ সাল থেকে এ ধরনের গাড়ি বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
হুন্দাই জানিয়েছে, সাউন্ডহাউন্ড নামের একটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই গাড়ির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এজেন্ট তৈরির কাজ শুরু করেছে। এই এজেন্ট আদতেই একজন ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। তাছাড়া দূর থেকেই গাড়ি এবং বাসায় থাকা বিভিন্ন স্মার্ট ডিভাইসের নিয়ন্ত্রণও করা যাবে এর মাধ্যমে।
তবে অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তার পার্সোনাল অ্যাসিস্টেন্টের সাথে এর বড় ধরনের পার্থক্য থাকবে। এটি একই সাথে একাধিক নির্দেশ বাস্তবায়ন করতে পারবে। যেমন, তাকে যদি বলা হয় আবহাওয়ার খবর দিতে এবং সেইসাথে বলা হয় লাইট অন করতে, তাহলে দুটি কাজই একসাথে করতে পারবে যা এ ধরনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না।
আগামী বছর অনুষ্ঠেয় কনজুমার ইলেক্ট্রনিকস শো’তেই এ প্রযুক্তির গাড়ি সবার সামনে উপস্থাপন করবে হুন্দাই।







