৬,৬,৬,৬ নো বল+২,৬,১-৩৪ রান! থিসারা পেরেরার করা ইনিংসের শেষ ওভারে প্রতিটি বলকে এভাবেই ব্যাট পেটা করেছেন জিমি নিশাম। নিউজিল্যান্ড ব্যাটসম্যানের এক ওভারে ৩৪ রান তোলার মাহাত্ম্য এতটাই যে, এর কাছে ম্লান হয়ে গেছে মার্টিন গাপটিলের ১৩৮ রানের ইনিংসও!
নিশামের ইনিংসটি কেন তাৎপর্যপূর্ণ? কারণ, এই এক ইনিংস দিয়ে দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন কিউই ব্যাটসম্যান। হার্শেল গিবসকে হটিয়ে ওয়ানডে ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান তোলা এবং এবি ডি ভিলিয়ার্সকে টপকে দ্রুত অর্ধশতক পাওয়া ব্যাটসম্যান হতে পারতেন নিশাম। শেষ বলে প্রয়োজন ছিল এক চারের। কিন্তু কিউই অলরাউন্ডার তা পারলেন কই?
মাউন্ট মংগানুইতে বৃহস্পতিবার নিশামের এই তান্ডব অবশ্য ব্যর্থও হয়নি। ওয়ানডে ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেয়া তৃতীয় ইনিংস এটি। নিজে ৬ ছক্কার সাহায্যে ১৩ বলে ৪৭ রানের এক ইনিংস খেলেছেন। ৫ ছক্কা আর ১১ চারের সাহায্যে ইনিংস সেরা ১৩৮ রান করেছেন গাপটিল। সঙ্গে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭৬ ও রস টেইলরের ৫৪ রান মিলিয়ে লঙ্কানদের ঘারে ৩৭১ রানের বিশাল পাহাড় চাপিয়েছিল নিউজিল্যান্ড।
জবাবে এক ওভার বাকি থাকতেই ৪৫ রান দূরে থাকতে ৩২৬ রানে থেমেছে শ্রীলঙ্কা। দলটার অবশ্য শুরুটা ছিল আশাজাগানিয়া। মাত্র ১৮ ওভারেই ১১৯ তুলে ফেলেছিলেন দুই ওপেনার নিরোশান ডিকেভেল্লা ও দানুষ্কা গুনাথিলাকা। সাত রানের ব্যবধানে দুজনে ফিরতেই হাল ধরেন কুশল পেরেরা। একা ১০২ রান করলেও কুশলকে বাকিরা সঙ্গ দিতে না পারায় লঙ্কানদের আর অসাধ্য সাধন করা হয়নি।







