মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের আর কোন তদন্তের প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। গান্ধী হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে এক ব্যক্তির আবেদেনের প্রেক্ষিতে নথি যাচাইয়ের পর আদালত এই জবাব দেন।
এনডিটিভি জানায়, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গুডসের গুলিতে মহাত্মা গান্ধী নিহত হন। কিন্তু নাথুরাম গুডসের গুলিতে নয় অন্য কোন ব্যক্তির গুলিতে গান্ধী নিহত হয়েছেন মর্মে পঙ্কজ ফাডনিস নামের এক ব্যক্তি গত বছর আদালতে পুনরায় তদন্তের দাবি জানান।
‘অভিনব ভারত’ নামের সংগঠনের প্রতিষ্ঠাতা পঙ্কজ ফাডনিস দাবি করেন, গান্ধীর প্রকৃত খুনী যে ধরা পড়েনি তার প্রমাণও আছে। তিনি বলেন, দ্বিতীয় কোন ব্যক্তির চতুর্থ গুলিতে গান্ধী প্রাণ হারান। গোয়ালিয়রে চতুর্থ গুলিটি শনাক্ত করা হয়, কিন্তু নাথুরামের পিস্তলের গুলির সঙ্গে তা মেলেনি।
এসব নথি যাচাই-বাছাই করে সোমবার আদালত পঙ্কজের আবেদন খারিজ করে দেন। আদালতের পক্ষে আইনজীবী অমরন্দ্র শরন বলেন, গান্ধীকে হত্যার উদ্দেশ্য, হত্যাকারী এবং বুলেট শনাক্ত করা গেছে। এর বাইরে আর কিছু প্রমাণের সুযোগ নেই।
আদালত আরো জানায়, নতুন করে তদন্ত করে ৭০ বছর পুরনো এই মামলায় আর কোনকিছু পাওয়া যায়নি।







