গাজীপুরের শ্রীপুর ও টঙ্গীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন, পিকআপ ভ্যানে থাকা মুরগি ব্যবসায়ী আব্দুল হালিম ও জামাল উদ্দিন, জয়পুরহাটের সোনাপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আকিজ গ্রুপের বিক্রয়কর্মী মফিজ উদ্দিন। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহের ভালুকা থেকে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায় এবং সড়কের পাশের মাইলফলকে আঘাত করে। এতে পিক আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
খবর পেয়ে পুলিশঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় আহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকাল ৮ টার দিকে গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি বাস আকিজ গ্রুপের বিক্রয় কর্মী মফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় ওই বিক্রয়কর্মীকে পোশাক শ্রমিক ভেবে কারখানা শ্রমিক ও এলাকাবাসি একটি বাসে আগুন ও অপর একটি বাস ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।







