গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।
২০১৩ সালে গাজীপুর সিটির প্রথমনির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যাপক আবদুল মান্নানের কাছে লক্ষাধিক ভোট হেরে ছিলেন তিনি। এবারও দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির পাশাপাশি আজমত উল্লাহকে ওই নির্বাচনে দলের ‘প্রধান নির্বাচনী এজেন্ট’ হিসেবেও মনোনীত করা হয়েছে।
এই কমিটি দলীয় প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করবেন।
বিশেষ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওই কমিটির বাইরেও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়।
এ কমিটির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর কবির নানক। অন্য সদস্যরা হলেন; ডা. দীপু মণি, আহমদ হোসেন, আখতারুজ্জামান, অ্যাডভোকেট আফজাল হোসেন, ব্যারিস্টার মহিবুল হাসান, চৌধুরী (নওফেল), শামসুন নাহার চাঁপা ও অসীম কুমার উকিল।







